ডেস্ক রিপোর্ট:
রাসপূর্ণিমা উপলক্ষে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলারচরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। এ উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি রুট নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শুধু সনাতন ধর্মাবলম্বীরা এ আয়োজনে অংশ নিতে পারবেন। তীর্থযাত্রীরা বিভিন্ন নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে দুবলার চরে যাতায়াত করবেন। সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং তীর্থযাত্রীদের নিরাপত্তায় নির্ধারিত রুটগুলোতে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল দায়িত্ব পালন করবে।
নির্ধারিত পাঁচটি রুট হলো—প্রথমত, বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর। দ্বিতীয়ত, কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর। তৃতীয়ত, নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী দিয়ে দুবলার চর। চতুর্থত, ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ হয়ে পশুর নদী দিয়ে দুবলার চর। পঞ্চমত, বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনের জন্য তীর্থযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রবেশের সময় নির্ধারিত এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীর সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায় করে পাস দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে সিল দিয়ে নির্ধারিত রুট উল্লেখ করা হবে। তীর্থযাত্রীরা পছন্দ অনুযায়ী একটি রুট ব্যবহার করতে পারবেন।
২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত রুটে নৌযান শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। প্রতিটি ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে।
প্রতিটি জলযানের গায়ে রং অথবা স্টিকারের মাধ্যমে বি, এল, সি/সিরিয়াল নম্বর এবং তীর্থযাত্রীর সংখ্যা উল্লেখ করতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে একটি করে টিকিট বা টোকেন দেওয়া হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালে টোকেন বা টিকিট সঙ্গে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে অবশ্যই রিপোর্ট করতে হবে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাসপূর্ণিমা উপলক্ষে সুন্দরবনে বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাতসহ অবৈধ কোনো সামগ্রী পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ। লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণ নিষিদ্ধ করা হয়েছে।
সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে পাওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।
আসন্ন রাসপূর্ণিমা উপলক্ষে আগত তীর্থযাত্রীদের সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে প্রচলিত হারে রাজস্ব পরিশোধ করে নির্ধারিত রুট ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ
প্রিন্ট করুন
সেভ করুন