ডেস্ক রিপোর্ট:

 

 

মাতৃত্বের স্বাদ পেতে অনেক নারীকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। কারও ক্ষেত্রে সন্তানধারণে জটিলতা, আবার কারও ক্ষেত্রে বয়সের কারণে দেখা দেয় নানা শারীরিক সমস্যা।

এমনই কঠিন অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।

দুই কন্যাসন্তানের মা হওয়ার আগে সন্তানধারণে সমস্যায় ভুগেছিলেন তিনি।

সেই কঠিন সময়ে বলিউড পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের জীবনসংগ্রাম তাকে নতুন করে আশার আলো দেখিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪০ বছর পেরিয়ে মাতৃত্বের অভিজ্ঞতা এবং সন্তানধারণের সময়কার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন দেবিনা।

তার মতে, নারীদের সন্তানধারণ ও মাতৃত্বের নানা জটিলতা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া জরুরি। বিশেষ করে ফারাহ খান যেভাবে নিজের সন্তানধারণের সংগ্রামের কথা প্রকাশ্যে তুলে ধরেছিলেন, তা তাকে কঠিন সময়ে সাহস জুগিয়েছিল।

ফারাহ খান ৪৩ বছর বয়সে কৃত্রিম প্রজনন পদ্ধতির (আইভিএফ) মাধ্যমে তিন সন্তানের মা হন। দেবিনা জানান, নিজের সন্তানধারণের সমস্যার সময় ফারাহর অভিজ্ঞতা তাকে ভরসা দিয়েছিল।

অভিনেত্রীর ভাষায়, আমি যখন সন্তানধারণের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন বুঝতে পারতাম না, আদৌ কোনো দিন মা হতে পারব কি না। সেই সময়ে আমাদের সামনে উদাহরণ হিসেবে ছিলেন ফারাহ ম্যাম। তিনি নিজের লড়াইয়ের কথা এত খোলামেলাভাবে জানিয়েছিলেন যে, তা আমাকে সাহস জুগিয়েছিল।

দেবিনা আরও বলেন, সামনে যখন এমন কোনো উদাহরণ থাকে, তখন মনে হয়, তার জীবনে যদি এমনটা সম্ভব হয়ে থাকে, তাহলে আমার জীবনেও হতে পারে। আমারও তো সুযোগ রয়েছে। তা না হলে একটা সময় মনে হতো, মা হওয়ার সব সম্ভাবনা বুঝি শেষ হয়ে গেছে।

কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে অনেক নারীই সন্তান নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দেন। বিষয়টি নিয়েও কথা বলেছেন দেবিনা। তার মতে, দীর্ঘ সময় ধরে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেক নারী মাতৃত্বের সিদ্ধান্ত নিতে দেরি করেন। একপর্যায়ে বয়স বেড়ে যাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। তবে ৪০ বছর পেরিয়েও অনেক নারী মা হচ্ছেন- এমন উদাহরণ অন্যদের মনে আশার সঞ্চার করে।

মাতৃত্বের পরবর্তী সময় নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, সন্তান জন্মের পর নারীর শরীর ও মনে নানা পরিবর্তন আসে। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে গিয়ে অনেক নারীকে হরমোনজনিত পরিবর্তনের মুখোমুখি হতে হয়। কারও কারও ক্ষেত্রে ঋতুবন্ধের আগের পর্যায়ের লক্ষণও দেখা দিতে পারে। ফলে মাতৃত্বের পরের সময়টাও অনেকের জন্য কঠিন হয়ে ওঠে।

দেবিনার কথায়, একজন নারীকে জীবনের বিভিন্ন পর্যায়ে কত কিছু সহ্য করতে হয়! আমাদের সমাজের বোঝা উচিত, একজন নারীর শরীর প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তার পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত।

এ সময় নারীদের নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শও দিয়েছেন অভিনেত্রী। শুধু স্বাস্থ্যকর খাবার খেলেই শরীরের সবকিছু ঠিক আছে, এমনটা ধরে নেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। নিজের শারীরিক পরিবর্তন ও সমস্যাগুলো বুঝে প্রয়োজনীয় সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন দেবিনা।

সন্তানধারণের জটিলতা ও মাতৃত্ব নিয়ে সমাজে আলোচনা বাড়ছে দেখে সন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী। তার মতে, নারীদের এসব অভিজ্ঞতা নিয়ে আরও বেশি কথা বলা প্রয়োজন। এতে সন্তানধারণের সমস্যায় থাকা অন্য নারীরাও সাহস ও মানসিক শক্তি পাবেন।