ডেস্ক রিপোর্ট:
জীবনের এই পর্যায়েও মনের মতো জীবনসঙ্গীর খোঁজ চালিয়ে যাচ্ছেন শর্মিলা ঠাকুর ও মনসূর আলি খান পটৌদীর মেয়ে সবা। অভিনয়জগতে পা না রেখে, তিনি বেছে নিয়েছেন অন্য পেশা।
বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন সবা পটৌদী। বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে তিনি। ৫০ বছরে পৌঁছেও মনের মতো জীবনসঙ্গীর খোঁজ চালিয়ে যাচ্ছেন সবা। অভিনয়জগতে পা না রেখে, তিনি বেছে নিয়েছেন অন্য পেশা। তিনি গয়না নকশাকার। পাশাপাশি ট্যারো কার্ড পড়েন এবং বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মানুষের মন, শরীর ও আত্মার ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করেন। ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি মুখ খুললেন সবা।
বিয়ে করেননি সবা। শুধু তা-ই নয়, জীবনে কখনও প্রেমও করেননি তিনি! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম ও বিয়ে নিয়ে নানা কথা জানিয়েছেন তিনি। সবার কথায়, ১৮-১৯ বছর বয়স থেকেই পরিবারের তরফে বিয়ের জন্য একাধিক পাত্রের সঙ্গে তাঁর পরিচয় করানো হয়েছিল। কিন্তু কারও সঙ্গেই শেষপর্যন্ত সম্পর্ক এগোয়নি। মনের মতো মানুষ খুঁজে পাননি তিনি।
অভিনেত্রী বলেন, “আমার বাবার ব্যক্তিত্ব আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে। বাবার মধ্যে যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নম্রতা এবং ব্যক্তিত্ব দেখেছি, জীবনসঙ্গীর মধ্যেও তেমন কিছু গুণ খুঁজেছি।” সাবার কথায়, ছোট থেকেই এমন পরিবেশে বড় হয়েছেন তিনি, যেখানে স্বাধীন ভাবে বাঁচতে এবং নিজের দায়িত্ব নিতে শিখেছেন। তাই এমন কাউকে জীবনসঙ্গী হিসাবে চেয়েছেন, যিনি তাঁকে সম্মান করবেন এবং নিজের দায়িত্ব বুঝবেন। কিন্তু এখনও তেমন কাউকে খুঁজে পাননি সবা।
তবে বিয়ে নিয়ে আশা ছেড়ে দেননি একেবারে। সবা এখনও মনে করেন, বয়স ৫০ হলেও মনের মতো সঙ্গী খুঁজে পাওয়া সম্ভব। জীবনে সঙ্গীর অভাব যে কখনও কখনও অনুভব করেন, সে কথাও স্বীকার করেছেন তিনি। তাঁর কথায়, “একসঙ্গে পথ চলার মতো একজন মানুষ থাকলে ভাল লাগত।” তবে শুধু বিয়ে করার জন্য কোনও সম্পর্কে জড়াতে চান না তিনি। ধনসম্পত্তি বা সুদর্শন চেহারার চেয়েও তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ মানুষের ব্যক্তিত্ব ও মানসিকতা।
প্রেমের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা সবা। জানিয়েছেন, জীবনে কখনও তাঁর ‘প্রথম প্রেমিক’ হয়নি। কারও সঙ্গে প্রেম করে মন ভাঙার অভিজ্ঞতাও নেই। আবার কেউ তাঁর মন ভেঙে চলে গিয়েছেন, এমন ঘটনাও ঘটেনি। অর্থাৎ, প্রেমের সম্পর্কে জড়ানোর আগেই জীবনের ৫০টি বসন্ত পার করে ফেলেছেন তিনি।
প্রেম ও বিয়ের দরজা খোলা রেখেছেন সবা। তবে মনের মানুষের সঙ্গে পরিচয় না হওয়া পর্যন্ত নিজের স্বাধীন জীবনযাপনেই খুশি থাকতে চান পটৌদী পরিবারের এই কন্যা।
প্রিন্ট করুন
সেভ করুন