ডেস্ক রিপোর্ট:
উন্নয়নের নামে ৯ বছর বন্ধ রাখার পর অবশেষে খুলেছে ওসমানী উদ্যান। গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যানটি উদ্বোধন করেন। এরপর আজ মঙ্গলবার সকাল থেকে উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে উদ্যানে সাধারণ জনগণের প্রবেশের ক্ষেত্রে জনপ্রতি ১০ টাকা ফি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দীর্ঘদিন পর উদ্যানটি খুললেও প্রবেশমূল্য নিয়ে ক্ষোভ জানিয়েছেন দর্শনার্থীদের কেউ কেউ।
স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা বলছেন, উদ্যানটির উন্নয়নকাজ করতে গিয়ে ৯ বছর নগরবাসীকে উদ্যান থেকে বঞ্চিত করা হয়েছে। এখন আবার প্রবেশের ক্ষেত্রে টাকা নেওয়ার মাধ্যমে নগরবাসীকে বঞ্চিত করার পাঁয়তারা করা হচ্ছে।
ফেসবুকে উদ্যানটি খুলে দেওয়ার খবর দেখে সকালে সন্তানকে নিয়ে ওসমানী উদ্যানে ঘুরতে আসেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা রাবেয়া খাতুন। ফটকে প্রবেশের সময় তাঁকে টিকিট কিনতে বলায় বিস্মিত হন তিনি। রাবেয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকে দেখলাম, পার্কটি খুলে দেওয়া হয়েছে। বাচ্চা নিয়ে পার্কে এলাম। গেটেই দুজন থামিয়ে হাতে টিকিট ধরিয়ে দিয়ে বলেন, দুজনের জন্য ২০ টাকা দেন। এত বছর বন্ধ রাখার পর চালু হলো, কিন্তু ঢুকতে আবার টাকা দিতে হবে—এটা কেমন নিয়ম?’
উদ্যানের ফটকে যাঁরা টিকিট দিয়ে টাকা রাখছেন, তাঁদের একজন মোহাম্মদ হানিফ। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের কর্মচারী পরিচয় দিয়ে প্রথম আলোকে বলেন, ‘পার্কে উন্নয়ন করতে গিয়ে এত টাকা খরচ হয়েছে। টাকা না দিলে এই টাকা সরকার ওঠাবে কীভাবে? সিটি করপোরেশন থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা দায়িত্ব পালন করছি।’
ওসমানী উদ্যানের অবস্থান রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন ও বাংলাদেশ সচিবালয়ের মাঝখানে। আয়তন ২১ দশমিক ৮৫ একর। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর নামে উদ্যানটির নামকরণ করা হয়। অনেকে ওসমানী উদ্যানকে ঢাকার ফুসফুসও বলে থাকেন।
রাজধানী ঢাকায় অপরিকল্পিত নগরায়ণের কারণে খেলার মাঠ ও ফাঁকা জায়গা কম। হাঁটাচলা ও বিশ্রামের জন্য নগরবাসীর জন্য রাজধানীতে কয়েকটি পার্ক রয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক অন্যতম। বড় এই পার্ক দুটিতে প্রবেশের ক্ষেত্রে কোনো টাকা নেওয়া হয় না। ওসমানী উদ্যান বন্ধ হওয়ার আগেও কোনো প্রবেশ ফি নেওয়া হতো না। তবে সংস্কার ও উন্নয়নকাজের পর এখন প্রবেশের ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে।
উদ্যানে প্রবেশের ক্ষেত্রে ফি নেওয়া জনগণকে পার্কে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করার ইঙ্গিত বলে মনে করছেন নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা জনগণের সঙ্গে প্রহসন। পার্ক, খেলার মাঠ ইত্যাদি জনস্বাস্থ্যবিষয়ক অবকাঠামো নির্মাণ করা সিটি করপোরেশনের দায়িত্ব। সেখানে জনগণের কাছ থেকে ফি নেওয়া অন্যায্য। যাঁরা রেগুলার (নিয়মিত) পার্কে হাঁটাচলা করতে যান, ফি নেওয়া হলে তাঁরা নিয়মিত যাবেন না। সে ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার হরণ করা হবে।’ তিনি আরও বলেন, পার্কে প্রবেশের ফি নির্ধারণ না করে সরকারের উচিত, কেন একটি উদ্যানে অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে টাকা অপচয় করা হলো, কেন কংক্রিট দিয়ে পার্কের চরিত্র নষ্ট করা হলো—তার তদন্ত করা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে উদ্যানে ঘুরে দেখা গেছে, উদ্যানের মধ্যে থাকা দুটি জলাশয়ের একটিতে কোনো পানি নেই। আর দুই নম্বর জলাশয়ে পানি থাকলেও সেটি আবর্জনায় ভরা। পানির ওপর কচুরিপানা ও প্লাস্টিকের বোতল ভাসতে দেখা গেছে। এ ছাড়া উদ্যানের মধ্যে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে, তাদের নির্মাণসামগ্রী রাখা রয়েছে।
প্রিন্ট করুন
সেভ করুন