ডেস্ক রিপোর্ট:
যশোরে শেখ আবু তালেব নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন।
অভিযুক্ত শফিয়ার শেখকে বলেন, গ্রামের জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে শফিয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনেরা আহত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর গ্রামবাসী ধাওয়া করে শফিয়ারকে আটক করে গণধোলাই দেয়।
এলাকাবাসী জানায়, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা দূরসম্পর্কের আত্মীয় বলেও জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং অভিযুক্ত শফিয়ারকে আটক করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রিন্ট করুন
সেভ করুন