ডেস্ক রিপোর্ট:

বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি বেড়ে ৩ হাজার ৮৯০ ডলারে দাঁড়িয়েছে। যা আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার নেমে এসেছিল ছিল ৩ হাজার ৮৭০ মার্কিন ডলারে। ফলে একদিনের ব্যবধানে সোনার দাম আউন্সপ্রতি ২০ ডলার বেড়ে গেছে।

বিশ্ববাজারে সোনা লেনদেন হয় আউন্স হিসেবে। এক আউন্স সোনায় ২৮ দশমিক ৩৫ গ্রাম হয়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে হয় এক ভরি। এ হিসাবে এক আউন্স সোনায় ২ দশমিক ৪৩ ভরি হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস। এর প্রভাব পড়তে পারে সোনার বাজারে।

বৃহস্পতিবার উইলিয়ামস বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি সামগ্রিকভাবে ভালো অবস্থায় থাকলেও মূল্যস্ফীতি এখনো বেশি। এ পরিস্থিতিতে তা নিয়ন্ত্রণে আনতে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে।

এদিকে রয়টার্সের এক জরিপে অংশ নেওয়া অধিকাংশ অর্থনীতিবিদ মনে করছেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আগামী মাসে সুদের হার বাড়াবে। তাদের ধারণা, এটি হবে চলতি চক্রে ইসিবির সর্বশেষ সুদের হার বৃদ্ধি।

এদিকে মূল্যস্ফীতির চাপ সম্পর্কে নতুন ধারণা পেতে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

বাজার বিশ্লেষক শাহ বলেন, পিপিআইয়ের তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে সোনার দাম বাড়ার গতি আটকে যেতে পারে।