ডেস্ক রিপোর্ট:
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমায় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জলমা বিএনপি কার্যালয়ে বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে জলমায় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তাঁরা।
বক্তারা বলেন, রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
সমাবেশে বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
সেভ করুন