ডেস্ক রিপোর্ট:
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজ হওয়ার পর আজিবর শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্লার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিবর শেখ লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবর। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাত দেড়টার দিকে মোল্লার মাঠের এক কোণে তাঁর ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মোল্লার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
প্রিন্ট করুন
সেভ করুন