ডেস্ক রিপোর্ট:

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার দাকোপ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে পেট্রোল বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলীয় কার্যালয়ের সামনে থাকা বিভিন্ন নেতার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, প্যানা ও লিফলেট ছিঁড়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা সদৃশ বস্তু এবং বিস্ফোরিত বোতলের ভাঙা কাচ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে খুলনার দাকোপ উপজেলার ২ নম্বর দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ (পোদ্দারগঞ্জ) ফেরিঘাট মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) আশীষ ব্যানার্জী (৫৪) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দাকোপ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাতে তৈরি পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এতে আগুন ছড়িয়ে পড়ে। একই সময় দলীয় কার্যালয়ের বারান্দা ও সামনের অংশে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার, প্যানা ও লিফলেট ছিঁড়ে ফেলা হয়। এ সময় আরেকটি পেট্রোল বোমা বিস্ফোরণের চেষ্টা করা হলেও সেটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদী এজাহারে আরও উল্লেখ করেন, কার্যালয়ের সামনে আগুন দেখতে পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাকে আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতের অন্ধকারে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আশপাশের ব্যবসায়ী, দোকানদার ও স্থানীয়দের ডেকে এনে বিষয়টি দেখানো হয় এবং আগুন নেভানো হয়। পাশাপাশি দলীয় নেতৃবৃন্দ ও দাকোপ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা সদৃশ বস্তু, বিস্ফোরিত বোতলের ভাঙা কাচের অংশ এবং ক্ষতিগ্রস্ত ব্যানার, লিফলেট ও অন্যান্য প্রচারসামগ্রী জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে সাক্ষী হিসেবে সোবাহান সানা (২৫), মেঘনাথ সানা (৩৫), সুকান্ত সরকার (৩৮)সহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে বাদী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা এবং জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ ঘটনায় দাকোপ থানায় এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাদী।