প্রতিবেদক রিপোর্ট :

নিজস্ব প্রতিবেদক:

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে ৮৯ জন আসামিসহ প্রায় ৫৫ কোটি ৯ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি বিভিন্ন ধরনের অস্ত্র ও ছয় রাউন্ড গুলি।

বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা দুটি সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং ১১৬টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এসব এলাকায় প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হয়। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কাজ করছে বিজিবি।

বিজিবির তথ্য অনুযায়ী, একই সময়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩৩ কোটি ২০ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১০০ বোতল মদ, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ লাখ ৪২ হাজার ২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট।

এদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

বিজিবির মহাপরিচালকের ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বদা বদ্ধপরিকর বলেও জানানো হয়।