ডেস্ক রিপোর্ট:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে ছিল গোপালগঞ্জ জেলা শহর। আজ শনিবার বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকযোগে শত শত নেতা-কর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে তারা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করেন।
একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেন তারা। মিছিলে হাজার হাজার নেতা-কর্মী লগি-বৈঠা হাতে অংশ নেন।
এদিকে, এ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে শহরের লঞ্চঘাট ও বাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।
সব মিলিয়ে জেলা শহর জুড়ে বিরাজ করছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় ব্যাপক আতঙ্ক।
প্রিন্ট করুন
সেভ করুন