ডেক্স নিউজ :

খুলনা 

খুলনায় শহর সমাজসেবা-১ কার্যালয়ের মূল ফটকের পাশে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটের দিকে নগরীর ফরাজীপাড়া মেইন রোডে অবস্থিত কার্যালয়টির প্রবেশপথের পাশে রাখা একটি পাপসে আগুন লাগে। এতে পাপসটির একাংশ পুড়ে যায়। পরে আগুনটি স্বয়ংক্রিয়ভাবে নিভে যায়।

কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার পর অফিস সহকারী ইকবাল হোসেন কর্মস্থলে এসে সামনের পাপসের একাংশ পোড়া অবস্থায় দেখতে পান। পরে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাতের কোনো একসময় এক অজ্ঞাত ব্যক্তি একটি দাহ্য পদার্থ নিক্ষেপ করে সেখানে আগুন ধরিয়ে দেয়।

সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির আগুন লাগানোর দৃশ্য দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, শহর সমাজসেবা-১ কার্যালয়ের মূল ফটকটি ফরাজীপাড়া মেইন রোডের ফুটপাতসংলগ্ন হওয়ায় বাইরে থেকে সহজেই সেখানে প্রবেশ করা সম্ভব। এ সুযোগে অজ্ঞাত ব্যক্তি ঘটনাটি ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে বলে ধারণা করা হচ্ছে।

তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।