ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের ১ আগস্ট ‘চুরি ও অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের ৩২৫ গবেষণাপত্র’ শিরোনামে বৈশ্বিক জার্নালের বরাতে প্রথম আলোয় প্রকাশিত খবরটি বাংলাদেশের শিক্ষাজগৎকে হতভম্ব করে দেয়। জাতীয় জীবনে নেমে আসে লজ্জা ও বিষাদের ছায়া। সবাই নড়েচড়ে বসেন। বয়ে যায় আলোচনার ঝড়। যদিও এর আগে-পরেও ‘অনিয়মের দায়ে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার, তালিকায় সাবেক উপাচার্যও’ বা ‘এআই চ্যাটবট দিয়ে লেখা বানোয়াট গবেষণাপত্র অনলাইনে, তৈরি হচ্ছে উদ্বেগ’ জাতীয় খবর এসেছে পত্রিকার পাতায়।

এক অর্থে, গবেষণাপত্র প্রত্যাহার বিজ্ঞানের নিজস্ব ‘আত্ম-সংশোধনমূলক’ প্রক্রিয়ারই একটি অংশ। এখানে মূল বিবেচ্য বিষয় হলো–কেন নিবন্ধটি প্রত্যাহার করা হলো, কীভাবে বিষয়টি তদন্ত করা হলো, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কিনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই অভিজ্ঞতা থেকে কী শিক্ষা নিল।
প্রশ্নটি কেবল এটিই নয় যে কেন কিছু গবেষক অসদাচরণ করেন; বরং আসল প্রশ্ন হলো, কেন প্রাতিষ্ঠানিক পরিবেশ এমন পরিস্থিতির সৃষ্টি করে, যেখানে গবেষণার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ বা অনৈতিক চর্চার ঝুঁকি থাকে। 

 

প্রথমত, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে পাঠদান ও প্রশাসনিক কাজের বিপুল দায়িত্ব সামলাতে হয়। বড় আকারের ক্লাস, পরীক্ষা পরিচালনা, শিক্ষার্থীদের তত্ত্বাবধান, শিক্ষার্থী কর্তৃক নিম্ন মূল্যায়নের আশঙ্কা এবং নানাবিধ প্রশাসনিক কাজের চাপে গভীর ও নিবিড় গবেষণার জন্য খুব কমই নিরবচ্ছিন্ন সময় পাওয়া যায়। উচ্চমানের গবেষণার জন্য পড়াশোনা, চিন্তাভাবনা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, খসড়া প্রণয়ন এবং বারবার যাচাই-বাছাইয়ের প্রয়োজন হয়। প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা পরিমাপের সূচকগুলো যে দ্রুতগতিতে ফল প্রত্যাশা করে, গবেষণার কাজ সব সময় সেই গতিতে সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠে না।
দ্বিতীয়ত, গবেষণার জন্য প্রয়োজনীয় সম্পদের প্রায়ই ঘাটতি থাকে। গবেষণাগার, বিশেষায়িত সফটওয়্যার, নির্ভরযোগ্য ডেটাবেজ, মাঠ পর্যায়ের কাজ, গবেষণা সহকারী, সম্মেলনে অংশগ্রহণ এবং গবেষণার অর্থায়ন–এসব কিছুর জন্য অর্থের প্রয়োজন। পর্যাপ্ত সম্পদ বা সুযোগ-সুবিধা না দিয়ে উচ্চমানের গবেষণার প্রত্যাশা করা হলে তা প্রতিষ্ঠানের সক্ষমতা ও প্রত্যাশার মধ্যে এক স্পষ্ট অসামঞ্জস্য তৈরি করে।
তৃতীয়ত, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং গবেষণাসংক্রান্ত প্রত্যাশার মধ্যেও অসামঞ্জস্য থাকতে পারে। আর্থিক সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়গুলো হয়তো অপেক্ষাকৃত নবীন শিক্ষকদের নিয়োগ দেয়, অথচ একই সঙ্গে তাদের কাছ থেকে প্রচুর সংখ্যক গবেষণাপত্র প্রকাশের প্রত্যাশা করে। প্রতিষ্ঠানের প্রত্যাশা যদি অনেক বেশি হয় কিন্তু সেই তুলনায় সময়, সম্পদ ও অভিজ্ঞদের দিকনির্দেশনা বা মেন্টরিং সীমিত থাকে, এর ফলে সৃষ্ট চাপ হিতে বিপরীত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রণোদনা বা উৎসাহ-ভাতার সমস্যা।

শিক্ষাজগতে এখন ক্রমশ ‘গবেষণাপত্র ছাপাও অথবা শিক্ষক জীবনের ইতি টানো’–এই কথাটি বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রয়োজন এবং গবেষকদের জ্ঞানভান্ডারে অবদান রাখতে হবে। তবে সমস্যা তখন শুরু হয়, যখন প্রকাশনা প্রধানত একটি সংখ্যাগত লক্ষ্যে পরিণত হয়।

 

যদি পদোন্নতি, নিয়োগ, বেতন বৃদ্ধি, প্রণোদনা এবং প্রাতিষ্ঠানিক র‍্যাঙ্কিং ব্যাপকভাবে প্রকাশনার সংখ্যার ওপর নির্ভর করে, তাহলে গবেষকরা ধীরে ধীরে গবেষণাকে একটি উৎপাদন প্রক্রিয়া হিসেবে দেখতে শুরু করতে পারেন। প্রশ্নটি তখন ‘আমি কোন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি?’ থেকে ‘আমাকে কতগুলো গবেষণাপত্র প্রকাশ করতে হবে?’-তে পরিবর্তিত হয়ে যায়। এর ফলে সংখ্যা গুণমানকে প্রতিস্থাপন করতে শুরু করতে পারে।

কোন বিষয়ে প্রকৃত গবেষণার জন্য লিটারেচার রিভিউয়ের চেয়ে নিজস্ব চিন্তার ভূমিকা অনেক বেশি। এ রকম ধ্যানের জগতে প্রবেশ করার প্রয়োজনীয়তা বিশ্ববিদ্যালয়গুলো জানে? যদি জানে, সুযোগ সৃষ্টি করে? এই সমাজ, এই শিক্ষাব্যবস্থা কি প্রশ্ন করাকে উৎসাহিত করে?

গবেষণার সততা বজায় রাখা একটি যৌথ দায়িত্ব। তথ্য-প্রমাণ সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনের ক্ষেত্রে গবেষকদের অবশ্যই সততা বজায় রাখতে হবে। গবেষণার সীমাবদ্ধতা স্বীকার করা, চৌর্যবৃত্তি পরিহার করা, গবেষণাপত্রের লেখকের স্বীকৃতিসংক্রান্ত নিয়ম মেনে চলা এবং গবেষণার যথাযথ নথিপত্র সংরক্ষণ করা তাদের আবশ্যিক কর্তব্য।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একাডেমিক মূল্যায়ন পদ্ধতিগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোর শুধু একজন গবেষক কতগুলো গবেষণাপত্র প্রকাশ করেছেন তা জিজ্ঞাসা না করে, সেই গবেষণাপত্রগুলো কী অবদান রাখে তা জিজ্ঞাসা করা উচিত। সেগুলো কি পদ্ধতিগতভাবে সঠিক? সেগুলো কি প্রাসঙ্গিক? সেগুলো কি জ্ঞানের অগ্রগতি ঘটায়? সেগুলো কি গুরুত্বপূর্ণ সামাজিক বা অর্থনৈতিক সমস্যার সমাধান করে? সেগুলোর ফলাফল কি নির্ভরযোগ্য? সেগুলোর কি সামাজিক প্রভাব আছে? গবেষণার মানকে শুধু প্রকাশনার সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করা যায় না।
সম্পাদক ও রিভিউয়ারদের এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। প্রকাশকদের সম্পাদকীয় মানদণ্ড এবং ‘পিয়ার-রিভিউ’ প্রক্রিয়া আরও জোরদার করতে হবে। জাতীয় মানদণ্ড নির্ধারণ এবং কার্যকর গবেষণা-সততা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সুতরাং কোনো অনিয়ম বা সমস্যা ঘটার পর কেবল গবেষকদের শাস্তি দেওয়াই এর সমাধান হতে পারে না। এর পাশাপাশি এমন একটি প্রাতিষ্ঠানিক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন; যেখানে মানসম্মত গবেষণা সম্ভব এবং সততাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়।

সর্বোপরি, এমন একটি গবেষণা-সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন, যেখানে সংখ্যার চেয়ে সততা, পরিমাণের চেয়ে গুণমান এবং সনদের চেয়ে জ্ঞানকে অধিক গুরুত্ব দেওয়া হয়। তাই গবেষণাপত্র প্রত্যাহার-সংক্রান্ত বিতর্কে কেবল এই প্রশ্নটিই মুখ্য নয় যে, ‘বাংলাদেশ থেকে কতগুলো গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে?’ বরং আরও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো: আমরা কেমন গবেষণা-সংস্কৃতি গড়ে তুলতে চাই এবং তা গড়ে তোলার জন্য আমরা কী কী পরিবর্তন আনতে প্রস্তুত?