ডেস্ক রিপোর্ট:

 

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র‍্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১০ জনকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকিদের অর্থদণ্ড ও অভিভাবকের মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ২৮ অক্টোবর ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ছয় শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ বছরের ৬ মে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (ফউটে) ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় একজনকে দুই টার্ম এবং আরেকজনকে এক টার্ম বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অন্য শিক্ষার্থীদের ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

গত ১২ মে আইন ডিসিপ্লিনের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় একজনকে দুই টার্ম বহিষ্কার এবং আটজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ১৪ আগস্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের জুনিয়র শিক্ষার্থীদের জোরপূর্বক আবাসিক বাসায় উপস্থিত হতে বাধ্য করার অভিযোগে চারজনকে এক থেকে দুই টার্ম বহিষ্কার ও ১০ থেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় আরও চারজনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ক্যাম্পাসের নির্মাণাধীন ৪ নম্বর একাডেমিক ভবনে গাঁজাসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থী আটক হওয়ার ঘটনায় তিনজনকেই এক থেকে দুই টার্ম বহিষ্কারের পাশাপাশি ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলাভঙ্গ, র‍্যাগিং, সহিংসতা ও মাদকসেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে।