ডেস্ক রিপোর্ট:

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা ও বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে চোরাই চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চুরির মামলার প্রধান আসামি আকবর হোসেন মুন্না (২৬) ও রাব্বি (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ২৫ হাজার টাকা। পুলিশ জানায়, খালিশপুর থানার একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে বটিয়াঘাটা থানার শান্তিনগর এলাকা থেকে মামলার প্রধান আসামি আকবর হোসেন মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার আলিপুর এলাকার মজিবুর রহমানের ছেলে। বর্তমানে বটিয়াঘাটার দারোগাভিটা এলাকায় বসবাস করতেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সকাল ৮টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানা এলাকার নিজ বাসা থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজার-সংলগ্ন সুতাইল এলাকার বাসিন্দা। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আকবর হোসেন মুন্নার দেখানো ও শনাক্ত মতে খালিশপুর থানার মামলায় চুরি হওয়া বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পাশাপাশি আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এগুলো হলো—নীল রঙের সুজুকি জিক্সার, লাল রঙের হোন্ডা লিভো এবং নীল রঙের এফজেড ভার্সন ৪। উদ্ধার করা চারটি মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে খালিশপুর থানার মামলার চুরি হওয়া বাজাজ পালসার মোটরসাইকেলটির মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আকবর হোসেন মুন্নার বিরুদ্ধে থানার রেকর্ড ও অপরাধী তথ্যব্যবস্থা (সিডিএমএস) পর্যালোচনা করে ১২টি চুরির মামলার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা অন্য তিনটি মোটরসাইকেলের প্রকৃত মালিকানা শনাক্তের কার্যক্রম চলছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামি তারিকুল ইসলাম চঞ্চলকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনার বিষয়টি তদন্তসংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে। কেএমপির খালিশপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।