ডেস্ক রিপোর্ট:

 

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তালিকায় পুলিশের বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্যও রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ইউনিট থেকে ২৮ জনকে প্রত্যাহার করা হয়েছে। তালিকায় থানা ছাড়াও ট্রাফিক ও গোয়েন্দা শাখার সদস্য রয়েছেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, এসব সদস্য বিভিন্ন ইউনিটে ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন এবং দায়িত্ব পালনের বাইরে অনৈতিকভাবে বাড়তি সুবিধা গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু দায়িত্ব পালনকালে কোনো সদস্যের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠলে তা বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থাকে প্রশ্নের মুখে ফেলে। বিশেষ করে মামলা গ্রহণ, তদন্ত ও অপরাধ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন অভিযোগ পুলিশের পেশাদারত্ব নিয়ে উদ্বেগ তৈরি করে।

বিশ্লেষকদের মতে, শুধু ক্লোজড বা প্রত্যাহার করাই যথেষ্ট নয়; অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে প্রথমে বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পুলিশের প্রতি জনআস্থা তৈরিতে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে আইজিপিরও কঠোর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা বিভাগে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং জনআস্থা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে কি না, এখন সেটিই দেখার বিষয়।