ডেস্ক রিপোর্ট:

সারা বছর যাঁর পেছনে নামাজ, তাঁর বেতন দিতে এত কষ্ট কেন?

 

মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান। মুসল্লিদের সামনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে নেতৃত্ব দেন। ধর্মীয় শিক্ষা দেন, মানুষকে নৈতিকতার পথে চলার আহ্বান জানান। অথচ দিনশেষে সেই ইমামের নিজের সংসার চালাতেই করতে হয় কঠিন সংগ্রাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে একজন ইমামের মাসিক বেতন কত, তা প্রকাশ করতেও অনেক ক্ষেত্রে অস্বস্তি বোধ করতে হয়।

অন্যদিকে, এক রাতের ওয়াজ মাহফিলে আমন্ত্রিত বক্তার সম্মানী হিসেবে লাখ টাকা ব্যয় করতেও কার্পণ্য করেন না অনেকে। অথচ যিনি সারা বছর পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লিদের সামনে দাঁড়ান, তাঁর ন্যায্য বেতন নির্ধারণের প্রশ্নে কেন এত অনীহা? এমনই এক তীব্র প্রশ্ন তুলে ধরেছেন খুলনা বায়তুল মোকাররম মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আজিজুল ইসলাম।

সামাজিক বাস্তবতার এক নির্মম চিত্র তুলে ধরে তিনি বলেন, ঢাকা শহরের হাতে গোনা কয়েকটি মসজিদ ছাড়া বাংলাদেশের অধিকাংশ সাধারণ ও প্রান্তিক মসজিদের ইমামরা যে বেতন পান, তা ভদ্র সমাজে উল্লেখ করতেও অনেকে সংকোচ বোধ করবেন। অথচ তাঁরাই বছরের পর বছর ধর্মীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মাওলানা আজিজুল ইসলামের প্রশ্ন, এক রাতের মাহফিলের জন্য একজন বক্তাকে লাখ টাকা দেওয়া হয়, অথচ সারা বছর যাঁর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়, সেই ইমামের বেলায় কেন এত কার্পণ্য? ইমামকে তাঁর প্রাপ্য সম্মানজনক বেতন দিতে না পারলে মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে একবারও কি ভাবেন না?

পবিত্র কোরআনের সূরা আল-আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন—

وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا

অর্থাৎ, ‘আর আমি তাদেরকে নেতা বা ইমাম বানিয়েছিলাম, যারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সৎপথে পরিচালিত করত।’

তাঁর মতে, যাঁরা মানুষকে কল্যাণের পথে আহ্বান জানান, ধর্মীয় শিক্ষা দেন এবং মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাঁদের জীবনযাপনের ন্যূনতম নিশ্চয়তা দেওয়াও সমাজ ও মসজিদ পরিচালনাকারীদের নৈতিক দায়িত্ব।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যখন কঠিন হয়ে উঠেছে, তখন ইমামদের জীবনও যে এর বাইরে নয়, সেই প্রশ্নও তুলেছেন তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করতে পারেন, শিক্ষকরা তাঁদের দাবি আদায়ে কর্মসূচি পালন করেন, সাংবাদিকেরা ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান। কিন্তু ইমামরা তাঁদের বেতন বৃদ্ধির কথা বললেই কেন তাঁদের দাবিকে ধর্মব্যবসা হিসেবে দেখার প্রবণতা তৈরি হয়?

মাওলানা আজিজুল ইসলামের বক্তব্য, ইমামরাও মানুষ। তাঁদেরও পরিবার আছে, সন্তানদের পড়াশোনার খরচ আছে, চিকিৎসা ও বাসাভাড়ার প্রয়োজন আছে। বাজারে চাল-ডাল, তেল কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তাঁদের জন্যও সমান। ধর্মীয় দায়িত্ব পালন করেন বলেই তাঁদের পারিবারিক চাহিদা কিংবা সম্মানজনক জীবনযাপনের অধিকার উপেক্ষা করা যায় না।

তাই দেশের স্থানীয় পর্যায়ের সব মসজিদ পরিচালনা কমিটির প্রতি ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইমামদের জন্য একটি স্থায়ী ও বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন এবং তা কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

তাঁর এই বক্তব্য কেবল একজন সাবেক ইমাম ও খতিবের ব্যক্তিগত ক্ষোভ নয়; বরং দেশের অসংখ্য সাধারণ মসজিদের ইমামের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং ন্যায্য অধিকার নিয়ে নতুন করে ভাবার একটি আহ্বান।

যাঁর কণ্ঠে প্রতিদিন ধ্বনিত হয় আল্লাহর একত্বের ঘোষণা, যাঁর পেছনে দাঁড়িয়ে হাজারো মানুষ সিজদায় অবনত হন, সেই ইমামের নিজের সংসারে যেন অভাবের দীর্ঘশ্বাস না থাকে—এটাই এখন সময়ের দাবি।