ডেস্ক রিপোর্ট:

 

খুলনার দিঘলিয়া উপজেলায় মুড়ির প্যাকেটে লুকিয়ে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণে স্থানীয় এক জামায়াত নেতা আহত হয়েছেন। বিকট শব্দে ঘটা এই বিস্ফোরণে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও স্থানীয় বাসিন্দা এম এম মনিরুল ইসলামের (৬৩) বসতঘরে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে ঘরের দরজার সামনে একটি পলিথিনের মুড়ির প্যাকেট দেখতে পান জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম। ভুলবশত প্যাকেটটি ঘরে এনে মেঝেতে রাখামাত্রই বিকট শব্দে তাতে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।

সঠিক সংবাদ সবার আগে—‘দৈনিক অগ্রবার্তা’