ডেস্ক রিপোর্ট:
খুলনার কুখ্যাত নুরাজিম বাহিনীর প্রধান নুরাজিমের ভাই রকি, তার বিরুদ্ধে ৯ মামলা
খুলনার আলোচিত ও কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি ফোর্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার বাসিন্দা এবং মৃত মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই।
সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম আলোচনায় আসে। এ ছাড়া খুলনা নগরীতে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে এই গ্রুপের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এসআরবি ফোর্সেসের তথ্যমতে, গ্রেপ্তার শাহারিয়ার ইসলাম রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা ও চারটি মাদক মামলাসহ মোট ৯টি মামলার তথ্য রয়েছে।
এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারের পর শাহারিয়ার ইসলাম রকিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট করুন
সেভ করুন