ডেক্স নিউজ :

খুলনা: খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোঃ আসাদ হাওলাদার (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সোনাডাঙ্গা থানাধীন নাজিরঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসাদ হাওলাদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সোনাডাঙ্গা থানার এফআইআর নম্বর-২৩, তারিখ ২৯ নভেম্বর ২০২১ এবং জিআর নম্বর-২৯৫/২১, তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৩-এর মামলায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেপ্তার আসামি মোঃ আসাদ হাওলাদার খুলনার সোনাডাঙ্গা থানাধীন নর্থখাল ব্যাংক রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মনিরুল ইসলাম।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।