ডেস্ক রিপোর্ট:
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা নগরীর পিটিআই মোড় এলাকায় অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে দুর্বৃত্তদের হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩ থেকে ৪ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত হকিস্টিক ও চাইনিজ কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারটিতে হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানের রিসিপশন, মালিকের কক্ষ ও বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। হামলাকারীরা রিসিপশনে কর্মরত এক নারী কর্মীর ব্যবহৃত একটি টেকনো মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে।
হামলায় প্রতিষ্ঠানটির একটি এফজেড মোটরসাইকেল, দুটি এসি, দুটি কাচের দরজা, দুটি কম্পিউটার ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির মালিক মাসুম বিল্লাহ (৩৮) এবং ম্যানেজার জাহিদুল ইসলামের বরাত দিয়ে প্রাথমিকভাবে এসব তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। তবে হামলার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও জড়িতদের শনাক্তের বিষয়টি জানার চেষ্টা চলছে।
প্রিন্ট করুন
সেভ করুন