ডেস্ক রিপোর্ট:
বিশেষ প্রতিনিধি, খুলনা | ১০ নভেম্বর, ২০২৬
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ঐতিহ্যবাহী সেন্ট মেরীস ক্যাথলিক গীর্জায় চুরি সংগঠিত হয়েছে। ১০ নভেম্বর, ২০২৬ (মঙ্গলবার) রাত ১২:৩০ ঘটিকা থেকে ভোর ০৫:০০ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা গীর্জার ভেতরের মাঠে অবস্থিত মা মারিয়ার মূর্তির সুরক্ষাকাচ (গ্লাস) ভেঙে মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
গীর্জা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মূর্তির কাচ ভেঙে প্রতিমায় পরানো আনুমানিক ৫ থেকে ৭টি স্বর্ণের টিপ খুলে নিয়ে চম্পট দেয়। চুরি হওয়া এই স্বর্ণের টিপগুলোর বর্তমান আনুমানিক বাজারমূল্য ৬,০০০ থেকে ৭,০০০ টাকা।
ঘটনাটি সকালে নজরে আসার পর ধর্মীয় প্রতিষ্ঠানটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পবিত্র এই উপাসনালয়ে চুরির ঘটনায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট খালিশপুর থানায় চুরির ঘটনাটি জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করেছে।
প্রিন্ট করুন
সেভ করুন