ডেস্ক রিপোর্ট:
খুলনায় খাদ্য গুদাম থেকে কাগজপত্র ছাড়াই দুই ট্রাক গম বের করার অভিযোগ, শ্রমিক নেতা আটক; মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার
খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা খাদ্য গুদামের খাদ্য সংরক্ষণাগার (স্টিল সাইলো) থেকে সরকারি কাগজপত্র ও অনুমতি ছাড়াই দুই ট্রাক গম বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহেশ্বরপাশা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে আটক করেছে পুলিশ। তাঁর আটকের প্রতিবাদে যশোর-খুলনা মহাসড়কের মানিকতলা এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে মহেশ্বরপাশা খাদ্য গুদামের স্টিল সাইলো থেকে দুই ট্রাক গম বের করে নেওয়ার সময় বিষয়টি জানাজানি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সরকারি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতি ছাড়াই গমগুলো বের করা হচ্ছিল। বিষয়টি জানার পর খাদ্য গুদাম কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে রাতেই এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মহেশ্বরপাশা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে শ্রমিক নেতা আরিফ হোসেনকে আটকের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাঁর আটকের প্রতিবাদে মানিকতলা এলাকায় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
প্রিন্ট করুন
সেভ করুন