ডেস্ক রিপোর্ট:

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার ডুমুরিয়া উপজেলায় মোঃ সাইফুল ইসলাম (৪৫) নামে এক গ্রাম্য চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে মাথায় গুরুতর আঘাত করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০১৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া জয়েন্ট ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম বাগেরহাট জেলার সদর থানার যাত্রাপুর (রহিমাবাদ) গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক।

প্রাপ্ত তথ্যমতে, ঘটনার সময় সাইফুল ইসলাম খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে আড়ংঘাটার উদ্দেশে যাচ্ছিলেন। পথে গুটুদিয়া জয়েন্ট ইটভাটার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় ভ্যানচালক মোহাম্মদ আলী আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হামলার পেছনের কারণ, দুর্বৃত্তদের পরিচয় এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।