প্রতিবেদক রিপোর্ট :
খুলনা মহানগরীর সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। তবে অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন অস্ত্রের মালিক হিসেবে সন্দেহভাজন তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম টুটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।
এসআরবি ফোর্স সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। ওই মোবাইল ফোনের সূত্র ধরে উদ্ধার করা অস্ত্র ও মোবাইলটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় এসআরবি ফোর্সের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক শহিদুল ইসলাম সিজান (২৬), পিতা মৃত শাহজাহান সিকদার, সাং টুটপাড়া, থানা খুলনা সদর, খুলনার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় আলামত হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
প্রিন্ট করুন
সেভ করুন