ডেস্ক রিপোর্ট:

খুলনায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনার আতঙ্কের রেশ না কাটতেই ঠিক তার পরের দিন সাত সকালেই দুই তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সদর থানাধীন ডিআইজি মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​আহত দুই তরুণ হলেন, পূর্ব বানিয়াখামার এলাকার আনিছুর রহমানের ছেলে মো. ইয়াছিন (১৮) এবং একই এলাকার আফজাল হোসেনের ছেলে মিনারুল (১৭)। তারা দুজনেই বন্ধু এবং বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে দুই বন্ধু ইয়াছিন ও মিনারুল হেঁটে ডিআইজি মাঠ এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপাতে থাকে। এতে মিনারুলের দুই পা এবং গলার নিচে বুকের মাঝবরাবর গভীর জখম হয়। অন্যদিকে, ইয়াছিনের ডান হাতের কব্জি বরাবর মারাত্মক জখম করা হয়।

​তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে মিনারুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এমন সহিংস ঘটনার কারণে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার কথা চিন্তা করে আহত দুই যুবকের পরিবারের কোনো সদস্যই এ বিষয়ে গণমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি।

​ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন দৈনিক পূর্বাঞ্চলকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত মামলা দায়ের করা হয়নি। আহত দুজনেই বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।