ডেস্ক রিপোর্ট:

 

চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন। মোংলা বন্দরকে আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচিতে অংশ নিতে তাঁর এই সফর।

সফরসূচি অনুযায়ী, মোংলায় পৌঁছে প্রধানমন্ত্রী ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (CRCC) মধ্যে বিনিয়োগ সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। একই সঙ্গে মোংলা বন্দর সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি, কনটেইনার ইয়ার্ড এবং প্রয়োজনীয় আধুনিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার পরিবহন সক্ষমতা বাড়বে। পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাট শহরে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সড়কপথে খুলনায় আসবেন তিনি।

খুলনায় পৌঁছে বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচির মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার নির্ধারিত সূচি রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মোংলা, বাগেরহাট ও খুলনায় প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, শিল্পায়ন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে।