ডেস্ক রিপোর্ট:

খুলনায় ১০ মাসে ৭৭ খুন,  

স্টাফ রিপোর্টার

খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা পৌনে দুইটার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে বসে চা পান করছিলেন তরিকুল। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সেখানে আসেন। কিছুক্ষণ কথা বলার পর তাঁরা তরিকুলের মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ মণ্ডল জানান, খুলনায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তরিকুল। পরে বাসে জায়গা না পেয়ে বাড়ি ফেরার পথে তিনি চায়ের দোকানে বসেন। সেখানেই মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যায়।

ছেলের মৃত্যুর ঘটনায় শোকাহত বাবা আবদুস সালাম শেখ সাংবাদিকদের বলেন, ‘আমার কিছু বলার নেই। রাজনীতিই আমার সব শেষ করে দিল।’

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এদিকে খুলনা মহানগর ও জেলায় চলতি বছরের প্রায় ১০ মাসে ৭৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে মহানগর এলাকায় ৩৯ জন এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ৩৮ জন নিহত হয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত মহানগর এলাকায় ৩৭টি হত্যা মামলা হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন। পরিসংখ্যান বলছে, মহানগর এলাকায় ২০২১ সালে ১৫টি, ২০২২ সালে ১৯টি, ২০২৩ সালে ১৭টি, ২০২৪ সালে ২৯টি এবং ২০২৫ সালে ৩৪টি হত্যা মামলা হয়েছিল।

অন্যদিকে জেলা পুলিশের আওতাধীন এলাকাতেও বাড়ছে হত্যাকাণ্ডের ঘটনা। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৩০টি, ২০২২ সালে ২২টি, ২০২৩ সালে ২১টি, ২০২৪ সালে ৩১টি এবং ২০২৫ সালে ৪৯টি হত্যা মামলা হয়। চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত জেলায় ৩৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যাকাণ্ডের পাশাপাশি জেলায় অন্তত ৩৫টি হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।