ডেস্ক রিপোর্ট:
মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়াই কাল হলো এক পুলিশ সদস্যের! মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ার জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল কালাম নামে এক এপিবিএন সদস্যকে নির্জন বিলে ডেকে নিয়ে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তারাবো পৌরসভার মাসাবো এলাকায় মাদক বিক্রি বন্ধে কাজ করছিলেন পুলিশ সদস্য আবুল কালাম। এরই ধারাবাহিকতায় স্থানীয় মাদক কারবারি শাহাদাত ও এমদাদুল নামে দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিতে সহায়তা করেন তিনি। এ ঘটনার পর থেকেই আবুল কালামকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন শাহাদাতের ছোট ভাই শাহজালাল।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০ থেকে ১৫ জন মিলে আবুল কালামের ওপর হামলা চালান। এ সময় তাকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
প্রিন্ট করুন
সেভ করুন