ডেস্ক রিপোর্ট:

সংবাদ প্রতিবেদন

খুলনার আড়ংঘাটায় একটি রেস্টুরেন্টে ঢুকে মো. হুমায়ুন কবির (ব্যবসায়ী) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রায়েরমহল বড় মসজিদের পেছনে আল-ক্যান্টিনো নামের একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ইজিবাইকে করে এসে রেস্টুরেন্টে প্রবেশ করে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে হুমায়ুন কবিরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দেওয়া তথ্যে আরও জানা যায়, ফ্রিজ কেনার কিস্তির টাকা পরিশোধ নিয়ে ঘটনার আগে হুমায়ুন কবিরের সঙ্গে আরাফাত ও ফায়েকের তর্ক-বিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কি না, তা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত হিসেবে মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদ নামে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের সবার বাড়ি রায়েরমহল পশ্চিমপাড়া, আড়ংঘাটা, খুলনায়। হামলাকারীদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল বলেও পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনারের দাখিল করা তথ্যে এসব বিষয় জানানো হয়েছে।