ডেস্ক রিপোর্ট:
সংবাদ প্রকাশের কারণে গ্রেপ্তার ঠেকাতে নতুন বিধানের প্রস্তাব, সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
সংবাদ প্রকাশ বা প্রচারের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় এ বিধান অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষায় সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার বিষয়ে আলোচনা ও নীতিগত ঐকমত্য হয়েছে।
আইনটি যেন সাংবাদিক, সংবাদমাধ্যম কিংবা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া খসড়া আইনে মানহানি, হেয় প্রতিপন্ন করা এবং সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। গুজব ও অপতথ্যের সংজ্ঞা আরও স্পষ্ট ও সুনির্দিষ্ট করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আইনের অস্পষ্ট সংজ্ঞার কারণে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন না হয়।
সভায় আইনে মোবাইল কোর্টের বিধান অন্তর্ভুক্ত না রাখা, কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ জানানোর বিষয় এবং ব্লক করা কনটেন্ট অবমুক্তির আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণের প্রস্তাব নিয়েও আলোচনা হয়।
একই সঙ্গে কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ প্রদান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য কাঠামোতে গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীজন ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্টরা বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি নাগরিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রেখেই আইনটি প্রণয়ন করতে হবে।
অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে সংশোধিত খসড়া আরও পরিমার্জন করে ওয়েবসাইটে প্রকাশ এবং জনসাধারণের মতামত গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, প্রস্তাবিত বিধানটি চূড়ান্তভাবে আইনে অন্তর্ভুক্ত হলে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেপ্তার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা তৈরি হতে পারে। তবে আইনটির চূড়ান্ত অনুমোদন ও কার্যকারিতা নির্ভর করবে পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর।
প্রিন্ট করুন
সেভ করুন