প্রতিবেদক রিপোর্ট :
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মহানগরবাসীকে সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাংবাদিকসহ বিভিন্ন পেশার ভুয়া পরিচয় দিচ্ছে। এসব পরিচয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সত্যতাবিহীন, গুজব, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।
এ পরিস্থিতিতে খুলনা মহানগরীর জনশান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র কিংবা স্টিকার ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, অর্থ আদায় বা চাপ সৃষ্টি করা যাবে না। জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে কিংবা রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন সত্যতাবিহীন, উসকানিমূলক ও ভিত্তিহীন সংবাদ, ছবি, ভিডিও বা বক্তব্য প্রচার ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব চত্বর কিংবা জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে সমবেত হয়ে প্রতিবন্ধকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ৫৯ ও ৬০ ধারাসহ প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের ভুয়া পরিচয়দানকারী, চাঁদাবাজ কিংবা অপপ্রচারকারীর সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা কেএমপির কন্ট্রোল রুমে (০১৩২০-০৫৮৯৯৮) যোগাযোগ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এও তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ গণবিজ্ঞপ্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
প্রিন্ট করুন
সেভ করুন