হোম › বিনোদন › মাহির ফ্যাশনে মুগ্ধ মিস ইউনিভার্সের মঞ্চের ভক্তরা
বিনোদন

মাহির ফ্যাশনে মুগ্ধ মিস ইউনিভার্সের মঞ্চের ভক্তরা

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০২ রাত আপডেট করা হয়েছে: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ রাত ৫৪৭ জন পাঠক
মাহির ফ্যাশনে মুগ্ধ মিস ইউনিভার্সের মঞ্চের ভক্তরা

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ব্যস্ততার মধ্যেও নিজের ফ্যাশন, স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে নজর কাড়ছেন তিনি।

একের পর এক আকর্ষণীয় সাজে মুগ্ধ করছেন ভক্ত-অনুরাগীদের।

কখনো গাঢ় ম্যাজেন্টা রঙের ফ্লোয়িং পোশাক, আবার কখনো ঝলমলে রয়্যাল ব্লু গাউন- প্রতিটি সাজেই রয়েছে আলাদা চমক।

পোশাকের পাশাপাশি চুলের স্টাইল, মেকআপ ও গয়না নির্বাচনেও রুচির পরিচয় দিচ্ছেন মাহি। আধুনিক ফ্যাশনের সঙ্গে বাঙালি সৌন্দর্যের মেলবন্ধনে তার প্রতিটি উপস্থিতিই হয়ে উঠছে আলোচনার বিষয়।

প্রতিযোগিতার ব্যস্ততার ফাঁকে সহপ্রতিযোগীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানোর পাশাপাশি নিজের বিশেষ অভিজ্ঞতার নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি। সেসব ছবিতে মাহির ফ্যাশন সচেতনতা ও আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কেড়েছে অনুসারীদের।

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে দেশের দর্শকদের কাছে পরিচিতি পাওয়া সামিরা খান মাহি এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন মিস ইউনিভার্সের বৈশ্বিক আসরে। শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে সেরার মুকুট জয়ের লড়াইয়ে রয়েছেন তিনি।

গত ১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬-এর আয়োজন। প্রতিযোগিতাটির ৭৫তম বার্ষিকী উপলক্ষে এবার আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এর আগে ৮ নভেম্বর রাতে দেশ ছাড়েন মাহি। আগামী ২৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ৭৫তম মিস ইউনিভার্সের নতুন বিজয়ীর নাম।

এদিকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ফ্যান ভোটিং শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের সমর্থকদের সহযোগিতা চেয়ে বিশেষ আহ্বান জানিয়েছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘একটি ভোট, একটি স্বপ্ন, বাংলাদেশের জন্য একসঙ্গে এগিয়ে চলা।’

আন্তর্জাতিক পেমেন্ট কার্ডের জটিলতার কারণে দেশের অনেক সমর্থক চাইলেও পেইড ভোট দিতে পারছেন না। বিষয়টি বিবেচনায় নিয়ে ভক্তদের জন্য বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছেন এই সুন্দরী।

মাহি প্রথমে সবাইকে ‘MU FAN App’ থেকে বিনামূল্যে ভোট দেওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি বাংলাদেশকে প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মাহি লেখেন, ‘আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিতে আপনাদের সামান্য সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামর্থ্য অনুযায়ী মাত্র ১০ টাকা থেকে শুরু করে যেকোনো পরিমাণ অর্থ আপনারা আমাদের নির্ধারিত বিকাশ নম্বরে ‘সেন্ড মানি’ করতে পারেন। পেইড ভোটের খরচ হিসেবে-১ ভোটের জন্য ১০ টাকা এবং ১০ ভোটের জন্য ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আপনাদের পাঠানো এই সমস্ত অবদান একত্র করে বাংলাদেশের পক্ষে পেইড ভোট প্রদান করা হবে।’

দেশবাসীর প্রতি ভালোবাসা ও ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, এটি শুধু একজন প্রতিযোগীর বিজয়ের লড়াই নয়; এটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরার স্বপ্ন। আমাদের সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই সবচেয়ে বড় শক্তি।’

সব মিলিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে মাহির ফ্যাশন, আত্মবিশ্বাস ও দেশের প্রতিনিধিত্ব নিয়ে বেশ আশাবাদী তার ভক্ত-অনুরাগীরা। সবার সম্মিলিত সমর্থনে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা করছেন মাহি।