হোম › খেলা › শেষ পর্যন্ত আর ম্যানইউর কোচের পদে থাকতে পারলেন না মাইকেল ক্য...
খেলা

শেষ পর্যন্ত আর ম্যানইউর কোচের পদে থাকতে পারলেন না মাইকেল ক্যারিক

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১২ নভেম্বর ২০২৬, ১০:৫১ রাত আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ রাত ৫৪৪ জন পাঠক
শেষ পর্যন্ত আর ম্যানইউর কোচের পদে থাকতে পারলেন না মাইকেল ক্যারিক

 

 

শেষ পর্যন্ত আর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে আর থাকতে পারলেন না মাইকেল ক্যারিক। প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হতে হলো তাকে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর পর বৃহস্পতিবার তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ জায়ান্টরা। ক্যারিকের উত্তরসূরি হিসেবে আলোচনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মওরিসিও পচেত্তিনো।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্যারিক গত জানুয়ারিতে দায়িত্ব নিয়ে দলকে দারুণভাবে ঘুরে দাঁড় করিয়েছিলেন। ২০২৫-২৬ মৌসুমের শেষ ১৭ ম্যাচের ১২টিতে জয় এনে দিয়ে দলকে লিগে তৃতীয় স্থানে তুলে আনেন তিনি। ওই সময় প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি পয়েন্টও সংগ্রহ করেছিল ইউনাইটেড।

কিন্তু নতুন মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ক্যারিক। ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে দলটি এখন অবনমন অঞ্চলে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫ ম্যাচে জয় মাত্র তিনটিতে। এমন পরিস্থিতিতে মৌসুম বাঁচানোর আশায় কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, ‘পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে মাইকেল ক্যারিকের বিদায়ের বিষয়টি নিশ্চিত করছে ম্যানচেস্টার ইউনাইটেড।’

ক্লাবটি আরও জানায়, ‘জানুয়ারিতে ক্লাবে ফিরে ক্যারিক দলকে ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে শেষ করতে সাহায্য করেন। মৌসুমের বাকি ১৭ ম্যাচের ১২টিতে জয় এনে দেন তিনি। ওই সময়ে লিগের অন্য যে কোনো দলের চেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করেছিল ইউনাইটেড। তবে চলতি মৌসুমের হতাশাজনক শুরুর পর নিজেদের লক্ষ্য অর্জনে পরিবর্তন প্রয়োজন বলে কঠিন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’

রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ গোলের নাটকীয় ড্র ছিল ইউনাইটেডের ডাগআউটে ক্যারিকের শেষ ম্যাচ। ম্যাচের পর তিনি দায়িত্ব ছেড়ে চলে যাবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু ক্লাবের শীর্ষ কর্মকর্তারা তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, বুধবার মোনাকোয় অনুষ্ঠিত এক বৈঠকে ক্যারিকের ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-মালিক জিম র‍্যাটক্লিফ, প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্স।

রুবেন আমোরিমের অস্থির সময়ের অবসান ঘটিয়ে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দলকে স্থিতিশীল করার জন্য প্রশংসা পেয়েছিলেন ক্যারিক। তবে দলবদলের বাজারে ক্লাবের দুর্বল নিয়োগনীতি এবং নতুন মৌসুমে দলের পারফরম্যান্সের অবনতিতে শেষ পর্যন্ত তাকে দায়িত্ব হারাতে হলো।

খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রাখতেও সমস্যায় পড়েছিলেন ক্যারিক। চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলা কোমোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচের কৌশলের সমালোচনা করেছিলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এরপর তাকে দল থেকে বাদ দেন ক্যারিক। অন্যদিকে, শীর্ষ মানের খেলোয়াড় না আনার জন্য ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

পচেত্তিনোকে নিয়ে আলোচনা

ক্যারিকের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন আর্জেন্টাইন কোচ মউরিসিও পচেত্তিনো। প্রিমিয়ার লিগে সাউদাম্পটন, টটেনহাম ও চেলসির কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টাইন এই কোচের। এ ছাড়া প্যারিস সেন্ট জার্মেইয়ের দায়িত্বও পালন করেছেন তিনি।

তবে বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন পচেত্তিনো। মাত্র তিনমাস আগে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি।

তারপরও ওল্ড ট্রাফোর্ডে তাকে আনার চেষ্টা করছে ইউনাইটেড। স্কাই স্পোর্টসের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধান কোচ হিসেবে পচেত্তিনোর সঙ্গে ‘নীতিগতভাবে মৌখিক সমঝোতায়’ পৌঁছেছে ক্লাবটি। এর আগেও একাধিকবার ইউনাইটেডের কোচ হওয়ার সঙ্গে তার নাম জড়িয়েছিল।

পচেত্তিনোর সামনে দায়িত্বটি সহজ হবে না। ১৩ বছর আগে অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর থেকে ইংলিশ ফুটবলের শীর্ষে ফিরতে পারেনি ইউনাইটেড। কিংবদন্তি স্কটিশ কোচের বিদায়ের পর আর প্রিমিয়ার লিগ শিরোপাও জিততে পারেনি তারা।

একসময় ইংলিশ ফুটবলের একচ্ছত্র আধিপত্য ছিল রেড ডেভিলদের; কিন্তু এখন ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনালের কাছে পিছিয়ে পড়েছে ক্লাবটি। এমন পরিস্থিতিতে দলকে ঘুরে দাঁড় করানোর বড় চ্যালেঞ্জ নিতে হতে পারে পচেত্তিনোকে।

ইউনাইটেডের পরবর্তী ম্যাচ আগামী ২২ নভেম্বর। অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হবে তারা। নতুন কোচের অধীনে সেই ম্যাচে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হয়েছে।