হোম › খেলা › ব্যক্তিগত পুরস্কারেও ইউল্যাবের দাপট, জমজমাট ফাইনালে পর্দা না...
খেলা

ব্যক্তিগত পুরস্কারেও ইউল্যাবের দাপট, জমজমাট ফাইনালে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ রাত আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ রাত ৫৪২ জন পাঠক
ব্যক্তিগত পুরস্কারেও ইউল্যাবের দাপট, জমজমাট ফাইনালে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

এবিজি ইউনিভার্সিটি কাপের মতো আয়োজন আগে দেখেননি সুজন


মাঠের লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণীর মঞ্চেও দাপট দেখিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত সেরার প্রায় সব স্বীকৃতিও নিজেদের করে নিয়েছে তারা।

ফাইনাল শেষে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি, মেডেল, ক্রেস্ট ও প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়।

শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে ইউল্যাব চ্যাম্পিয়ন হয়।

ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্রিকেটে চ্যাম্পিয়ন ইউল্যাবের হাতে ট্রফি তুলে দেন রংপুর রাইডার্সের পরিচালক শেহ্জাদ আকবর সোবহান।

অন্যদিকে রানার্স-আপ সোনারগাঁও ইউনিভার্সিটির হাতে ট্রফি তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির দশ লাখ টাকার চেক তুলে দেন এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা লিয়াকত হোসেন।

দলটির প্রাইজমানি হিসেবে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা মাহবুবুর রহমান তুহিন।

ব্যক্তিগত পুরস্কারেও ছিল ইউল্যাবের আধিপত্য। ফাইনালে ৬১ বলে অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা ফারহান জানি শোভন নির্বাচিত হন ম্যাচসেরা। বল হাতেও দুই ওভারে ২৬ রান দেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল।

পুরো আসরে ব্যাট হাতে ২৯১ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হয়েছেন ইউল্যাবের জাকিরুল আহমেদ জেমস। একই সঙ্গে জিতেছেন সেরা ব্যাটারের পুরস্কারও। তার হাতে টুর্নামেন্টসেরার পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। অন্যদিকে জাকিরুল সেরা ব্যাটারের পুরস্কার গ্রহণ করেন সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহের হাত থেকে।

টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হয়েছেন ইউল্যাবের এম এইচ রাকিব। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন।

ক্রিকেটের পাশাপাশি ফুটবল ইভেন্টের সেরাদেরও পুরস্কৃত করা হয়। ফুটবলে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাতে প্রাইজমানির দশ লাখ টাকার চেক তুলে দেন এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক।

রানার্স-আপ এআইইউবির হাতে চেক তুলে দেন উপদেষ্টা নাজমুল আলম ভূঁইয়া।

এ ছাড়া টুর্নামেন্টের ‘ফ্যান কাপ’ জিতে নেওয়া এআইইউবির হাতে ট্রফি তুলে দেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যে থাকা গ্রাউন্ডসম্যান সাইফুল ইসলামকেও সম্মাননা জানানো হয়। তার হাতে ক্রেস্ট তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ট্রেজারার মইনুল হোসেন চৌধুরী। ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি এ আর মল্লিক রনি, আম্পায়ার আমিনুল ইসলাম আমিন ও মাহমুদুল হাসান রুবেল এবং স্কোরার সালাউদ্দিন মুন্না ও সালমান খানকেও দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট।

সব মিলিয়ে ক্রিকেট ও ফুটবলের দুই ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং ব্যক্তিগত সেরাদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আয়োজন।