হোম › রাজনীতি › সংসদ ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
রাজনীতি

সংসদ ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ রাত আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ রাত ৫৩২ জন পাঠক
সংসদ ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম

 

ত্রয়োদশ সংসদ পাঁচ বছর টিকবে কিনা সংশয় প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলার অবনতি আর দেখতে চান না মন্তব্য করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন আবারও। তিনি বলেন, ১৬ বছর পর নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছে, এর মূল্য আর দুই আনাও নাই। এই জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কিনা সন্দেহ আছে। কারণ এই জাতীয় সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নাই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নাই। 

আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণের প্রতিবাদে এনসিপির উদ্যোগে আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে যাত্রাবাড়ী এলাকায় শনিবার লিফলেট বিতরণ পূর্ব পথসভায় এ কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ।

 

নাহিদ বলেন, সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। দ্বিতীয়ত জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান প্রশাসকদের অংশগ্রহণে বিরত রাখার দাবি জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ঢাকা দক্ষিণের যে প্রশাসক দেওয়া হয়েছে, তা অবৈধ। সেই প্রশাসককে মেয়র প্রার্থী ঘোষণা করা হলো বিএনপির পক্ষ থেকে। এটা কোন ধরনের গণতন্ত্র? এ প্রশাসক কেন নির্বাচনে অংশগ্রহণ করবে?

 

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যত প্রশাসক দেওয়া হয়েছে জেলা পরিষদ এবং সিটি করপোরেশনে, তারা কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।

কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।