হোম › বাংলাদেশ › ৪৩০০ ইউপিতে পাঁচ ধাপে ভোটের প্রস্তুতি, সংলাপের সময়সীমা ১০ ডি...
বাংলাদেশ

৪৩০০ ইউপিতে পাঁচ ধাপে ভোটের প্রস্তুতি, সংলাপের সময়সীমা ১০ ডিসেম্বর

ডেক্স নিউজ প্রকাশনার সময়কাল: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ দুপুর আপডেট করা হয়েছে: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ রাত ৫৬৩ জন পাঠক
৪৩০০ ইউপিতে পাঁচ ধাপে ভোটের প্রস্তুতি, সংলাপের সময়সীমা ১০ ডিসেম্বর

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপ করবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ইউনিয়নে ভোট নেওয়া হবে। চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোট হবে।

নির্বাচন কমিশনার বলেন, ইউপি নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে। কারণ, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে কিছু ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যেতে পারে। সেসব ইউনিয়ন পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। এ বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।

নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে এই আমন্ত্রণ জানানো হবে। মূলত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে তাদের মতামত নেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি থেকে

প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ২১ জানুয়ারি থেকে ৫০ দিন আগে-পরে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আবুল ফজল মো. সানাউল্লাহ আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।