হোম › বাংলাদেশ › সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় কঙ্গনা র...
বাংলাদেশ

সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় কঙ্গনা রানাউত

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ দুপুর আপডেট করা হয়েছে: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ রাত ৫৬৪ জন পাঠক
সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় কঙ্গনা রানাউত

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে সামাজিকমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় রাজ্যটিতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজেপি ।

শুক্রবার শিমলা পুলিশ কঙ্গনার বিরুদ্ধে বিদ্বেষ ও বিভেদ ছড়ানো, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং মানহানির অভিযোগে মামলা নথিভুক্ত করে। গত ১০ নভেম্বর গান্ধী পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনার পোস্টের পরিপ্রেক্ষিতে এ মামলা হয়।

হিমাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা জয়রাম ঠাকুর অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় বিরোধীদের দমনে নেমেছে রাজ্যের কংগ্রেস সরকার। তিনি বলেন, কঙ্গনার মন্তব্য তার ব্যক্তিগত মতামত এবং গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে।

অন্যদিকে, কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী জগৎ সিং নেগি মামলার পক্ষে অবস্থান নিয়ে বলেন, মিথ্যা ও মানহানিকর অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যৌক্তিক। তার দাবি, সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথায় উত্থাপিত বিষয়গুলোর জবাব দিতে না পেরে বিজেপি নেতারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

অভিযোগে বলা হয়েছে, কঙ্গনার পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ উল্লেখ করে দাবি করা হয়, তার পরিবারের সদস্যরা একের পর এক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার ফলে শেষ পর্যন্ত তার সরকারপ্রধান হওয়ার পথ তৈরি হয়। পোস্টের শেষে লেখা হয়, ‘কী সুবিধাজনক!’

এছাড়া সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পারিবারিক বাসভবন থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন কঙ্গনা।

শিমলার বাসিন্দা অতুল শর্মার করা অভিযোগে বলা হয়েছে, এসব মন্তব্য রাজনৈতিক মতপ্রকাশের সীমা ছাড়িয়ে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করেছে। অভিযোগকারীর দাবি, মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ উসকে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন কঙ্গনা।