হোম › খেলা › জোহানেসবার্গ টেস্টে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ, ২২ রানে ৩ উইক...
খেলা

জোহানেসবার্গ টেস্টে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ, ২২ রানে ৩ উইকেট হারাল দল

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ দুপুর আপডেট করা হয়েছে: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ বিকাল ৫৫৬ জন পাঠক
জোহানেসবার্গ টেস্টে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ, ২২ রানে ৩ উইকেট হারাল দল

কোনো রান করার আগেই উইকেট দিয়ে এসেছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম ও ওয়ান ডাউনে নামা মুমিনুল হক। এবার সেট হয়েও আউট হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

২৩ বলে ১২ রান করে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়েছেন তিনি। আগের দুই উইকেটও শিকার করেছেন এই পেসার।

মাহফিজুলের অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পর ফিরলেন মুমিনুলও

জোহানেসবার্গ টেস্টের প্রথম বলে তথা টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হয়েছেন মাহফিজুল ইসলাম। কোনো রান করার আগে উইকেট বিলিয়ে এসেছেন মুমিনুল হকও। কাগিসো রাবাদার বলেই উইকেটের পেছনে রায়ান রিকেলটনের তালুবন্দী হয়েছেন তিনি।

এদিকে, রাবাদার প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম উঠল মাহফিজুলের। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসে প্রথম বলেই আউট হলেন ২২ বছর বয়সী ব্যাটার।

সব মিলিয়ে অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। আগের তিনজনই ছিলেন বোলার। তাদের মধ্যে আছেন ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম।

এছাড়া টেস্ট অভিষেকেই ম্যাচের প্রথম বলে আউট হওয়া চতুর্থ ক্রিকেটারও তিনি। এর আগে ১৯৯২ সালে ডারবানে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হয়েছিলেন। এবার সেই বিরল তালিকায় যুক্ত হলো মাহফিজুলের নাম।

অভিষেকে মাহফিজুলের গোল্ডেন ডাক

প্রথম শ্রেণির ক্রিকেট রাঙিয়ে জাতীয় দলের সাদা জার্সিতে অভিষেক হয়েছে মাহফিজুল ইসলামের। তবে শুরুটা রাঙাতে পারলেন না এই ওপেনার। কাগিসো রাবাদার বলে ইনিংসের প্রথম বলেই চতুর্থ স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পরিসংখ্যান কেমন?

ডারউইনে ঐতিহাসিক সাফল্যের পর আর কোনো সংস্করণেই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের হতাশাও সঙ্গী হয়েছে টাইগারদের। এর প্রভাব পড়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও।

সাম্প্রতিক ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অতীত রেকর্ড মোটেও স্বস্তিদায়ক নয়। এখন পর্যন্ত সেখানে আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতেই হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। বাকি তিন ম্যাচে পরাজয়ের ব্যবধান ছিল যথাক্রমে ২২০, ৩৩২ ও ৩৩৩ রান।

এমন কঠিন পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে নতুন চ্যালেঞ্জ নিতে হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের। অতীতের ব্যর্থতা ভুলে এবার নতুন ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে। সেই চ্যালেঞ্জে সফল হতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ক্ষীণ আশাও বাঁচিয়ে রাখতে পারবে টাইগাররা।

দুই দলের একাদশ

বাংলাদেশ (একাদশ): তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা (একাদশ): এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

মাহফিজুলের অভিষেক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে অভিষেক হয়েছে ওপেনার মাহফিজুল ইসলামের। এই সংস্করণে দেশের ১১২তম ক্রিকেটার তিনি।

চলতি জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পান মাহফিজুল। টুর্নামেন্টের পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ২২ বছর বয়সী ওপেনার করেন ৬৭২ রান।

দক্ষিণ আফ্রিকার মাটিতে কঠিন এক পরীক্ষার সামনে বাংলাদেশ। জোহানেসবার্গে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেনের দল। ম্যাচ শুরুর আগে দুই দলই প্রস্তুতি শেষ করেছে, এখন অপেক্ষা মাঠের লড়াই শুরুর।

তবে কাজটা বাংলাদেশের জন্য মোটেও সহজ নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পর এবার খেলতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার গতিময় ও বাউন্সি কন্ডিশনে। তার ওপর প্রস্তুতির জন্য সময় পেয়েছে মাত্র তিন দিন। বিপরীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে প্রোটিয়ারা। চার পেসার ও স্পিনার সাইমন হারমারকে নিয়ে শক্তিশালী একাদশও ঘোষণা করেছে স্বাগতিকেরা।

তবু বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা উল্লেখ করে স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমাও জানিয়েছেন, প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেন তাঁরা। টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান থাকলেও মাঠের লড়াইয়ে সেটি কতটা প্রভাব ফেলে, তা জানা যাবে আজই। অভাবনীয় কিছু করে দেখানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ।