হোম › সারাদেশ › খুলনা থেকে চুরি যাওয়া মাইক্রোবাস উদ্ধার - গ্রেফতার ২
সারাদেশ

খুলনা থেকে চুরি যাওয়া মাইক্রোবাস উদ্ধার - গ্রেফতার ২

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ বিকাল আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ রাত ৫৭২ জন পাঠক
খুলনা থেকে চুরি যাওয়া মাইক্রোবাস উদ্ধার - গ্রেফতার ২

 

খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটে মাইক্রোবাসটি উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে খালিশপুর থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে প্রথমে যশোরের পাইকগাছা থানা এলাকা থেকে মো. আসাদুজ্জামান দুলু (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর রাত ৩টা ২০ মিনিটে যশোরের বাঘারপাড়া থানাধীন নারিকেলবাড়িয়া এলাকা থেকে মো. রবিউল ইসলাম (৩৪) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতার রবিউল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, বাঘারপাড়া থানার নারিকেলবাড়িয়া এলাকার প্রধান সড়কের পাশের একটি বাগান থেকে চুরি যাওয়া কালো রঙের নোহা মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক মাইক্রোবাস চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে।