হোম › সারাদেশ › খুলনায় একই দিনে দুই খুন, দুই জখম
সারাদেশ

খুলনায় একই দিনে দুই খুন, দুই জখম

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ রাত আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ রাত ৬১৮ জন পাঠক
খুলনায় একই দিনে দুই খুন, দুই জখম

 

২৪ ঘণ্টায় তিন হত্যাকাণ্ড, পৃথক ঘটনায় আহত আরও দুই; নগরীজুড়ে উদ্বেগ ও আতঙ্ক, খুলনায় একের পর এক সহিংস ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে মহানগরী ও আশপাশের এলাকায় ঘটেছে তিনটি হত্যাকাণ্ড। এর মধ্যে নগরীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয়েছে মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে। অন্যদিকে, রূপসার আঠারোবেকি নদী থেকে উদ্ধার করা হয়েছে দুই যুবকের মরদেহ। একই সময়ে পৃথক দুটি ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। পরপর এসব ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাগুলোর মধ্যে সর্বশেষ সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ডালমিল মোড় এলাকার একটি গলিতে মাদকসংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার সাগর (২৭) ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন ধারালো চাপাতি দিয়ে জাহিদুলের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এর আগে একই দিন নগরীর পূর্ব বানিয়াখামার তোতার বাড়ি এলাকায় রবি নামের আরেক ব্যক্তিকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলার আঠারোবেকি নদীর সিংহের চর এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মেহেদী হাসান সোহাগ ও রেজাউল করিম। পরে মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, এর আগের দিন রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী হুমায়ুন কবির। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনদের অভিযোগ, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা হামলায় জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড এবং পৃথক দুটি হামলায় দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনায় খুলনা নগরী ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসব ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, মরদেহ উদ্ধারের কারণ নির্ণয় এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।