হোম › সারাদেশ › খুলনায় বিএনপি কার্যালয়ে ও ট্রেনের বগিতে আগুন
সারাদেশ

খুলনায় বিএনপি কার্যালয়ে ও ট্রেনের বগিতে আগুন

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ দুপুর আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ রাত ৫৭৩ জন পাঠক
খুলনায় বিএনপি কার্যালয়ে ও ট্রেনের বগিতে আগুন

 

খুলনা প্রতিনিধি: খুলনায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বটিয়াঘাটায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, খুলনা রেলস্টেশনে ঢাকা থেকে আসা নকশিকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটার সামনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে করে দুই যুবক বিএনপি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তারা কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের মুখে মাস্ক থাকায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, দুই যুবক বিএনপি কার্যালয়ের ব্যানারে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে খুলনা রেলস্টেশনে নকশিকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বগিটির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেনটি রাতে খুলনায় পৌঁছানোর পর প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে ট্রেনটির এস-৫২২৫ নম্বর বগিতে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ও উপস্থিত রেলওয়ে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ওয়াশফিল্ডে নেওয়ার পথে নকশিকাঁথা ট্রেনের একটি বগিতে আগুন লাগে। রাতেই সবার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই সময়ে খুলনায় দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিএনপি কার্যালয়ের ব্যানারে আগুন দেওয়ার ঘটনা এবং ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।