হোম › সারাদেশ › খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চে...
সারাদেশ

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ, আটক ১

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১১ নভেম্বর ২০২৬, ০১:১১ দুপুর আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ দুপুর ৬১৫ জন পাঠক
খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ, আটক ১

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল নিক্ষেপ ও আতশবাজি ফুটিয়ে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি মোড় এলাকায় দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ময়লাপোতা থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় জিয়া হলের সামনে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা ব্যক্তি ফাহাদ হোসেন প্লাস্টিকের সেভেন আপের বোতলে রাখা পেট্রোল জুলাই স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে নিক্ষেপ করেন। পরে আতশবাজি ফুটিয়ে সেখানে আগুন ধরানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটিকে ধাওয়া করেন। একপর্যায়ে ফাহাদ হোসেনকে আটক করতে সক্ষম হলেও মোটরসাইকেল চালক পালিয়ে যান।

আটক ফাহাদ হোসেন খুলনার সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাবের বাসিন্দা। তিনি মৃত হাসান উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে বর্তমানে সোনাডাঙ্গা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক মোটরসাইকেল চালককে শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।