হোম › বাংলাদেশ › খুলনার নয়টি সহ ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পথে
বাংলাদেশ

খুলনার নয়টি সহ ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পথে

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ রাত আপডেট করা হয়েছে: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ বিকাল ৫৭৪ জন পাঠক
খুলনার নয়টি সহ ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পথে

 

২০২৬ সালে সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয়করণ হওয়া কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে রয়েছে খুলনা বিভাগের ৯টি স্কুল-কলেজ। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাতীয়করণ হওয়া এবং জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

মন্ত্রণালয় সূত্রে এই তালিকায় থাকা ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হাতে পেয়েছে গণমাধ্যম।

জাতীয়করণের তালিকায় থাকা খুলনার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো —খুলনা জেলার সদর উপজেলাধীন ‘শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন ‘মহম্মদপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়’, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন ‘কুমারখালী এম এন (মথুরা নাথ) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়’, বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন ‘পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়’, খুলনা জেলার খালিশপুর উপজেলাধীন ‘বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়’, খুলনা জেলার দাকোপ উপজেলাধীন ‘বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’, ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন ‘কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ’, খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন ‘গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়’, এবং ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন ‘ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ’।

এদিকে বুধবার (১১ নভেম্বর) বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে গণশুনানি ও অভিভাবক সমাবেশে বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে আলোচনা হয়। জানানো হয়, ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়টি দেশের একটি অনুকরণীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রশংসিত হয়। পাশাপাশি খুলনা মহানগরীর একমাত্র ‘স্কুল অব ফিউচার’ হিসেবে আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি বিদ্যালয়ের অর্জনে নতুন মাত্রা যোগ করেছে। শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই সীমাবদ্ধ নয় বিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের জাতীয়করণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্ব ও উদ্যোগে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ উদ্যোগের জন্য অভিভাবকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়নে প্রধান শিক্ষকের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন তাঁরা।