হোম › বাংলাদেশ › আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করায় এসপি গ্রেফতার
বাংলাদেশ

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করায় এসপি গ্রেফতার

প্রতিবেদক রিপোর্ট প্রকাশনার সময়কাল: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ দুপুর আপডেট করা হয়েছে: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ রাত ৫৭২ জন পাঠক
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করায় এসপি গ্রেফতার

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের কারণে এসপিকে গ্রেফতার করলেন চট্টগ্রাম পুলিশ|কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবার পাওয়া গেছে। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেফতার করে।

এর আগে গত মঙ্গলবার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে তলব করেন রেঞ্জ ডিআইজি।

মামলার এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক কর্মকর্তা বলেন, জাহাঙ্গীর আলম তার ফোন থেকে একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তায় লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’

এ ধরনের আরও কিছু কথাবার্তা এজাহারে উল্লেখ রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।

জাহাঙ্গীর আলম বিসিএস পুলিশ ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।